পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ও একজনকে ২ বছরের কারাদন্ড
পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ও একজনকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন, অন্য আসামীরা পলাতক রয়েছেন।
যাবৎজীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী হলেন এমরান(২৮)। আসামীরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে ব্যবসায়ী আবুল কালাম শরীফ (৫৫) আসামীদের বাড়ির পাশ থেকে আসার সময়ে ওঁৎ পেতে থাকা আসামীরা একত্রিত হয়ে তাকে এলোপাথারি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্বক আহত করে। পরে আবুল কালাম শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ বাদী হয়ে পরের দিন পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পিরোজপুরের অতিরিক্ত পবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন এবং একজনকে ২ বছরের কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেন। ১১ জন আসামীদের মধ্যে দুই আসামী শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুল খালাস দেয়া হয়। একজন আসামী মৃত্যুবরণ করেন। রায় প্রদানের সময়ে দুই আসামী সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।
