পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ
‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর ‘বাংলালিংক’ এর সহায়তায় বৃহস্পতিবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার চলিশা এলাকার আলহাজ্ব আসমত আলী ইসলামী কমপ্লেক্সে এ বৃক্ষ রোপণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে বাংলালিংক এর সিনিয়র যোনাল ম্যানেজার মো. নিয়াজ পারভেজ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক মো. এনায়েত কবির খান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, আলহাজ্ব আসমত আলী ইসলামী কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা নাজমুল ইসলাম, হেবজো শাখার বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আব্দুর শাকুর, আলহাজ্ব আসমত আলী ইসলামী কমপ্লেক্স পরিচালনা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ইমদাদুল হক তালুকদার, কোষাধ্যক্ষ মো. জাকারিয়া খান, মো. টুটুল খান টুলুসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির সার্বিক তত্বাবধানে ছিলেন ‘চ্যানেল আই’ এর পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ফসিউল ইসলাম বাচ্চু।
এদিন আলহাজ্ব আসমত আলী ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা, তেজদাসকাঠী মদিনাতুল উলুম মাদ্রাসা এবং তেজদাসকাঠী কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসার তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীর মাঝে আম, কাঠাল, পেয়ারা, আমড়া, আতাফল, আমলকি, জলপাই, লেবু গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া আলহাজ্ব আসমত আলী ইসলামী কমপ্লেক্সের অভ্যন্তরে আম, কাঠাল, পেয়ারা, আমড়া, আতাফল, আমলকি, জলপাই, লেবু, নিমসহ বিভিন্ন প্রজাতির ৩শ’ ফলজ, ওষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৪ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে নারিকেল, আম, জাম, কাঠাল, নিম, বেল, অর্জুন, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে বকুল গাছের চারা রোপণ করা হয়।
