পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে একটি হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হল- পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দোর আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব শেখ।
বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী ফোরকান হাওলাদার অনুপস্থিত ছিল। মামলায় ৮ আসামীর মধ্যে অন্য ৫জন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার জেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরীঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ী ফিরছিল। আসামীরা কুমিরমারা গ্রামের স্লুইচ গেট এলাকায় জামালের পথরোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে একটি ট্রলারে তুলে পিরোজপুরের হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সাথে ট্রলারটি বেঁধে রেখে আসামীরা পালিয়ে যায়। রাত ১টার দিকে ওই বাজারের নৈশপ্রহরী আনছার আলী ট্রলারে জামালকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পিরোজপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ এপ্রিল জামালের মুত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।
