কাউখালীতে ছাত্রদল নেতার ওপর হামলা
ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে
পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- পিরোজপুরের কাউখালি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান।
মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইউপি সদস্য হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার অপসারনের দাবীতে গত ২ জানুয়ারী এলাকাবাসী মানববন্ধন করেছিল।
মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক তারিকুল ইসলাম সুমন জানান, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্ত্র, বোমা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আাসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মো. মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
