দাম কমল এলপি গ্যাসের
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান জালাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সন্ধ্যা থেকে এ মূল্য কার্যকর হবে।
আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় কমেছে এলপি গ্যাসের দর। জানুয়ারি মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ জানুয়ারি পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে ১৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। আর ফেব্রæয়ারি মাসে ১৯ টাকা বাড়িয়ে ১৫৭৮ টাকা করা হয়েছিল।
এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।
