স্বরূপকাঠীতে বিএনপির ইউনিয়ন অফিসে আগুন
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে ইউনিয়নের শেহাংগল ট্যাম্পু স্টান্ড সংলগ্ন বিএনপি অফিসে ওই আগুন দেয়া হয়েছে। আগুনে অফিসের পোষ্টার, লিফলেটসহ টেবিল চেয়ার পুড়ে গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন।
সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাদের দাবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির বেপারীর নির্দেশে অফিসে আগুন দেয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির অফিস সংলগ্ন চা দোকানি মো. মাহাবুব হোসেন তালুকদার বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ী যাচ্ছিলেন। এমন সময় বিকট আওয়াজ আসে অফিস থেকে। এগিয়ে গিয়ে দেখতে পাই অফিসের ভিতরে আগুন জ্বলছে। এসময় ডাক চিৎকারে অনেকে এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে।
সমেদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলিউল ইসলাম মিলন অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসে এই আগুন লাগানো হয়েছে। ৫ আগষ্টের পর থেকে হুমাউনের বাড়ীতে আওয়ামী লীগের গোপন বৈঠক হয়।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. হুমাউন কবির বেপারী বলেন, এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তাদের অভিযোগ মিথ্যা।
নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত জানান, ইউনিয়ন বিএনপির অফিসে আওয়ামী লীগ ছাড়া কেউ ওই আগুন দিতে যায়নি। এ কাজ আওয়ামী লীগের। এ বিষয়ে থানার ওসিকে জানানো হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, আগুনের ঘটনা শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
