নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে বুধবার উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।
