নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোনিয়া পারভীন, গোবিন্দ পরামানিক, পবিত্র কুমার মজুমদার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।
