পিরোজপুরে সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
পিরোজপুরে কঁচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিরোজপুরে সদর উপজেলার কুমিরমারা প্রান্তে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়। তার অবস্থাও আশংকাজনক। আজ সোমবার দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মারুফ শেখ (২৪) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল (২৩) নেছারাবাদ উপজেলার জলাবাড়ি এলাকার রবীন্দ্রনাথ বাড়ালের ছেলে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান জানান, দ্রæতগতিতে মোটর সাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল ওই দুই যুবক। ধারণা করা হচ্ছে উচ্চগতির কারণে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং এ আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয় এবং তার সাথে থাকা রুদ্র গুরুতর আহত হয়। তার অবস্থাও আশংকাজনক বলেও জানান তিনি।
ঘটনার পরে ইয়াসিন আরাফাত নামের এক যুবক মারুফকে সেতুর উপর পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত রুদ্র বড়ালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
