পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি প্রদান করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
আজ বুধবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক এডভোকেট মো. দেলোয়ার হোসেন দন্ডবিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিৎবুর রহমানকে কটুক্তি করে বক্তব্য প্রদান ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার (১১ ডিসেম্বর) অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান এবং তারেক জিয়ার পক্ষে ছিলেন এডভোকেট আবুল কালাম আকন, এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, এডভোকেট সৈয়দ আশিক আহম্মেদ, এডভোকেট খায়রুল বাশার শামীমসহ পিরোজপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।
এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো। দেশে জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আজ দেশ নায়ক তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্প‚র্ণ খালাস ও মামলাটি খারিজ হয়। সব মামলায় তিনি খালাস হবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন।
