পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২১ বছরের পলাতক আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২১ বছরের পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃত মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের মেয়েকে নৃশংশভাবে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে আদালত দন্ডবিধি ৩০২ ধারা’র অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করে। মামলার খবর শুনে আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিল।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামীকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।
