পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত : আহত-৪
পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের নিমতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ নারীসহ আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন- ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রীজ থেকে পিরোজপুরের দিকে আসার বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা পিরোজপুর থেকে কাউখালী যাওয়ার সময় নিমতলা নামক স্থানে অটোরিক্সাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে ইমাদ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে আখি আক্তার মারা যায়। আহতদের সকলের বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে।
অন্যদিকে, বুধবার রাতে পিরোজপুরর সদর উপজেলার কদমতলা এলাকায় ঢাকাগামী ওয়েলকাম পরিবরহনের একটি বাসের ধাক্কায় দিপ্তী রানী সাহা (৫২) নামের এক নারী মারাত্মক আহত হয়। পরে বৃহস্পতিবার ভোররাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার সঞ্জীব সাহার স্ত্রী।
নিহত দীপ্তী রানীর জামাতা (মেয়ের স্বামী) সুষেন কুমার দত্ত জানান, তার শ^াশুড়ি বুধবার রাতে স্থানীয় কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ধর্মীয় জগদ্বাত্রী পূজা দেখতে যান। এ সময় রাস্তার পাশ থেকে যাওয়ার সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় গাড়ির ষ্টাফরা আহত দীপ্তী রানীকে গাড়িতে করে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাসটিকে আটকে তাকে নামিয়ে রাখেন। পরে স্থানীয়রা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, দুটি ঘটনাই শুনেছি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
