পিরোজপুরে পুলিশের অভিযানে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার
পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার একটি বাসা ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শহরের মাছিমপুর এলাকার বলাকা ক্লাব রোডের নাছিমা মঞ্জিল থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, অভিযান চালিয়ে বলাকা ক্লাব রোডের নাছিমা মঞ্জিল নামক একটি বাসা থেকে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. রমজান শিকদার ওরফে ফেন্সী রমজান পালিয়ে যায়। তিনি আরও জানান,পিরোজপুর সদর উপজেলার বাশবাড়িয়া গ্রামের মৃত শাহ আলম শিকদারের ছেলে রমজান শিকদার পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম পরিচয় গোপন করে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
