শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল : মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মত দিনের ভোট রাতে নিত।
শেখ হাসিনার সরকার ভেবেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্ত আজ শেখ হাসিনাসহ তার দলের নেতারাই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার করারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্ম যার যার আধিকার সবার সমান। এদেশে হিন্দু-মুসলমান সকলের সমান অধিকার রয়েছে। যারা বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কথায় আমরা বিশ^াসী না। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই বোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মত এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। যে আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। কিন্ত আওয়ামী লীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের ওপর হামলা, মিথ্যা মামলা করেছেন তাদের কোন ক্ষমা নেই।
চন্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতের নির্বাচন বিভাগের সেক্রেটারী মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী মো. তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আ. হাই প্রমুখ।
