প্রধান সূচি

চাকরিতে ১৫ বছরের বঞ্চনার প্রতিকার কমিটির প্রধান হলেন পিরোজপুরের কৃতি সন্তান সাবেক সচিব জাকির আহমেদ খান

আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রতিকারের বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। ৫ সদস্যের এই কমিটি ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়। পিরোজপুরের কৃতি সন্তান সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের একজন করে প্রতিনিধি।
এই কমিটি আবেদন করার সময় নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে জমা দিতে পারবে। তবে আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে এমন বিষয়গুলো এই কমিটির আওতার বাইরে থাকবে। কমিটি অনধিক তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।
এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটির কাজের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি যথোপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে। কমিটি প্রধানের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি যথোপযুক্ত যানবাহনেরও ব্যবস্থা করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অষ্টম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক এই অর্থসচিব জাকির আহমেদ খান।
গত ২৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য তিনি পিকেএসএফ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের কৃতি সন্তান জাকির আহমেদ খান ১৯৭০ সালে পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে যোগদানের পূর্বে অর্থনৈতিক গবেষণা ব্যুরোতে রিসার্চ অ্যাসোসিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে খন্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৩৮ বছরের সরকারি চাকরিকালে তিনি বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ, সংস্থাপন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন।
এছাড়া, বাংলাদেশ সরকারের পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল রিফর্ম প্রোগ্রামে একজন সিনিয়র জাতীয় পরামর্শক হিসেবে এবং জাতিসংঘ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এবং জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকাতে বহি:নিরীক্ষক হিসেবে কাজ করেন তিনি।
জাকির আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং বেলজিয়ামের ব্রাসেলসের ভ্রেইয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। তিনি হুবার্ট হামফ্রে ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে ডিভেলাপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ডিভেলাপমেন্ট অ্যাডমিনিষ্ট্রেশন বিষয়ে অধ্যয়ন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial