ধর্ম যার যার, অধিকার সবার : মাসুদ সাঈদী
প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছেলে ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ধর্ম যার যার, অধিকার সবার। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমার যতটুকু অধিকার রয়েছে, একজন হিন্দু ভাই বা বোনের ততটুকুই সমান অধিকার রয়েছে। আমরা এমন নেতৃত্ব চাই যারা দেশকে ভালোবাসে এবং অন্য ধর্মের মানুষদেরকে নিজের ভাই বোন মনে করে আগলে রাখে। যার শিক্ষা আমরা পেয়েছি আমাদের নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কাছ থেকে। তিনি ১০ বছর খাদেম হিসেবে এখানে ছিলেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার সময়ে একজন হিন্দু ভাই বা বোন নির্যাতিত হয়েছে বলে কেউ বলতে পারবে না। গত উত্তাল সময়েও পত্তাশীতে জামায়াত বিএনপির নেতাকর্মীরা মন্দির ও হিন্দু ভাইদের বাড়ি পাহারা দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন কমিটি ও পত্তাশী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রামচন্দ্রপুর রাধাগোবিন্দ সেবাশ্রমে আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আল্লামা সাঈদীর যে স্বপ্ন জালিমেরা পূরণ করতে দেয় নি, আমরা সে অপূরণীয় স্বপ্ন পূরণ করতে চাই। আল্লামা সাঈদী উন্নয়নের যে রোড ম্যাপ তৈরি করেছিলেন, সে ভাবেই জিয়ানগর (ইন্দুরকানী), পিরোজপুর সদর এবং নাজিরপুরকে সাজাতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমাদের দ্বারা অবশ্যই আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর ও জেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. হাবিবুর রহমান, ২নং পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান, পত্তাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড মেম্বার মো. কবির হোসেন, ইন্দুরকানী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট ননী গোপাল, রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিষ রায়, সমাজসেবক মাওলানা আব্দুর রশীদ, পান্নু মাষ্টার, চিকিৎসক মিলন দাস। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
