পিরোজপুরে রাত জেগে এলাকাবাসীর পাহাড়া
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে একটি সুবিধাবাদী ও লুটেরা দল লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। লুটপাট ও ডাকাতির হাত থেকে রক্ষার জন্য গত কয়েকদিন ধরে পিরোজপুরের বিভিন্ন এলাকায় রাত জেগে এলাকাবাসীর পাহাড়া দিয়ে চলছে।
বৃহস্পতিবার রাতে সরেজমিনে দেখা গেছে, পিরোজপুর শহরের স্বর্ণকার পট্টি, পৌরবাজার, উকিলপাড়া, আমলা পাড়া, রাজারহাট, শিকারপুর, পালপাড়া, খুমুরিয়া, সিআই পাড়া, আলামকাঠী, পুরাতন বাসষ্ট্যান্ডসহ পৌর এলাকার প্রতিটি মোড়ে মোড়ে ও সড়কে এলাকার ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাহাড়া দিচ্ছে। কোন স্থানে এলাকার মহিলাদেরও দেখা গেছে ছাত্র-জনাতার সাথে রাত জেগে পাহাড়া দিতে।

পাহাড়ার বিষয়ে এলাকার লোকজন জানান, আইন শৃংখলা রক্ষায় পুলিশ এখন পর্যন্ত কাজে যোগ দেয় নি। তাই নিজেদের এলাকার নিরাপত্তা রক্ষায় নিজেরাই দল বেঁধে পাহাড়া দিয়ে চলছি। পুলিশ যতদিন মাঠে না নামবে ততদিন এভাবেই আমরা কাজ করে যাবো।
