পিরোজপুরে গণহত্যা দিবস পালিত
পিরোজপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহীন রেজা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাংবাদিক শিরিনা আফরোজ, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, শিশু আলোচকদের মধ্যে সরকারি বালক বিদ্যালয়ের সাকওয়ান মল্লিক এবং সরকারি বালিকা বিদ্যালয়ের আরিশা হোসেন আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় জেলা পর্যায়ের সকল অফিসারগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচকরা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এবং ঘোষনায় মুক্তিযুদ্ধ শুরু হয়, আমরা জয়লাভ করি। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চায় উৎসাহিত করতে হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যার নৃশংসতা ছিল ভয়াবহ। অচিরেই আন্তর্জাতিক পরিমন্ডলে এ দিবস স্বীকৃতি লাভ করবে এবং গণহত্যার বিচার করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গণহত্যা দিবসসহ বিভিন্ন দিবসের কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এখানে নিয়ে এসে আলোচনায় অংশগ্রহণের ব্যবস্থা করেছি এ লক্ষ্য নিয়ে যে এরাই একদিন এই দেশ পরিচালনা করবে এবং এদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে।
