মঠবাড়িয়া প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু : স্বতন্ত্র প্রার্থীর কর্মী ছিলেন দাবি স্বজনদের
পিরোজপুরের মঠবাড়িয়া প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চায়েত (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তবে স্বজনদের দাবি নিহত জাহাঙ্গীর পিরোজপুর-৩ আসনে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এর কর্মী ছিলেন। নিহত জাহাঙ্গীর উপজেলার বাদুরা গ্রামের তোতাম্বর পঞ্চায়েত এর ছেলে। বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহাঙ্গীর।
নিহতের ভাইয়ের ছেলে এবং স্থানীয় চৌকিদার শাহ আলম জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে জাহাঙ্গীরকে। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় জাহাঙ্গীর।
শাহ আলমের দাবি ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির সমর্থকরা তার চাচাকে হত্যা করেছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীরের সাথে স্থানীয় আরেকটি পক্ষের দ্ব›দ্ব ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছিল।
ঘটনার বিষয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুস্তুম আলী ফরাজীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় পঞ্চায়েত বংশ এবং ফরাজী বংশের সাথে পুরোনো পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এটা নির্বাচনী কোন বিরোধ বা সহিংসতার ঘটনা নয়। নিজেদের বংশগত ও ব্যক্তিগত বিরোধে আক্রোশমূলক ঘটনা।
