জেলায় ১ লক্ষ ৪০ হাজার ৪৯০ শিক্ষার্থী পাবে নতুন বই
পিরোজপুরে বই উৎসব
নতুন বছর, নতুন ক্লাস, সেই সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছসিতত পিরোজপুরের প্রাথমিক ও মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও কারিগরিট্রেড এর শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।
বই উৎসবের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেয়া হয়। বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে ৭৩ হাজার ৮ জন শিক্ষার্থী, দাখিল পর্যায়ে ৩২ হাজার ৬২ জন শিক্ষার্থী, এবতেদায়ী পর্যায়ে ৩৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী এবং কারিগরি ট্রেড এ ২৩ হাজার ১৫ জন শিক্ষার্থীসহ ১ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন শিক্ষার্থীকে ১৬ লক্ষ ৯১ হাজার ৫১৩টি নতুর বই বিতরণ করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে।
বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হয়েছে এ নতুন বই। নতুন বই পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত পিরোজপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বছর শুরুর প্রথম দিনে বই পেয়ে আনন্দিত।
জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী বলেন, আমরা বছরের প্রথম দিনেই পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বই তুলে দিতে পেরেছি। জেলায় ১ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন শিক্ষার্থীর হাতে ১৬ লক্ষ ৯১ হাজার ৫১ টি নতুর বই তুলে দেয়ার কার্যক্রম চলছে। আশা করি নতুন বই পেয়ে সবাই নতুন ক্লাসে নতুন উদ্যমে পড়াশুনা শুরু করবে।
