জাল ভোট পড়লে কেন্দ্র বন্ধসহ দায়িত্বরত কর্মকর্তাদের চাকুরীচ্যুত করা হবে : ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, একটি জাল ভোট পড়লেই প্রমান সাপেক্ষে সে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। তাৎক্ষনিকভাবে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্টসহ সরকারী কর্মকর্তাদের সাসপেন্ড করা হবে এবং পরবর্তীদের তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ভাবে চাকুরীচ্যুত করা হবে।
তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনে কোন কারচুপি করার সুযোগ নেই। ভোট সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স দেখাবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী প্রার্থীই হোক না কেন, আর দুর্বলই হোক না কেন। কেননা সবাই কমিশনের কাছে সমান। শতভাগ নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে। আগামী নির্বাচনের দিকে দেশী-বিদেশীসহ বিভিন্ন মহল তাকিয়ে আছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ৭ জানুয়ারীর নির্বাচনে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীর সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারারও নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছে যে, যাতে করে একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ন ও উৎসবমূখর নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষেই তারা কাজ করছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে পিরোজপুর ও ঝালকাঠি জেলার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ডিআইজি মো জামিল হাসান (বিপিএম-সেবা, পিপিএম)।
সভায় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্ব›িদ্ব প্রার্থীগণ, প্রার্থীদের প্রতিনিধি, নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ ইসি আহসান হাবিব খান বলেন, সাংবাদিকরা নিরবিচ্ছিন্নভাবে যাতে তাদের কাজ করতে পারে সেজন্য আইনের অনেক ধারা সংশোধন করা হয়েছে। সাংবাদিকদের কাজের সুবিধার জন্য তাদের মোটর সাইকেল ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের কাজে যদি কেউ বাঁধা দেয়, তাদের ওপর হামলা করে, মারধর করে, ক্যামেরা বা কোন উপকরণের ক্ষতিসাধন করে তাহলে সেই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির বিধান রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের দিকে ভোটাররা চেয়ে আছে, জনগণ চেয়ে আছে, প্রার্থীরা চেয়ে আছে, সরকার-বিরোধী দল চেয়ে আছে, বিশ্বের বড় বড় দেশ চেয়ে আছে। তাই সাংবাদিকসহ সকলের সহযোগিতার মধ্য দিয়ে একটি সুষ্ঠ নির্বাচন করার মাধ্যমে আমাদের দেশকে বাঁচাতে হবে, আমার গণতন্ত্রকে বাঁচতে হবে, আমাদের অর্থনীতিকে বাঁচাতে হবে।
