ভান্ডারিয়ায় মাদক বিক্রিকালে সাবেক মহিলা কাউন্সিলর বেবিসহ গ্রেফতার-৫
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিক্রিকালে পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১, ২ ও ৩নং ওয়ার্ড) বেবি আক্তারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে তার নিজ বাসভবন থেকে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
এসময় বেবি আক্তার ও তার ছেলে রায়হান হাওলাদারসহ ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা, ১০২ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি আক্তারের বাসায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে মাদক ও টাকা উদ্ধারসহ বেবি আক্তার (৪৫), তার ছেলে রায়হান হাওলাদার (২০), সজিব সরদার (২২), রিয়াদ মাহমুদ রানা (৩২), ফিরোজ সিকদার (৫৫)কে গ্রেফতার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
