প্রধান সূচি

সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের টাকা তুলে নেয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ভরতকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার মন্ডলের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৫ লক্ষাধিক টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সভাপতি গৌতম চন্দ্র মৃধা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পিবিজিএসআই প্রকল্পের ওই টাকা তোলার পর শিক্ষক, শিক্ষার্থীর মাঝে বন্টন না করে প্রধান শিক্ষক পবিত্র কুমার মন্ডল বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
এদিকে বরাদ্দের টাকা থেকে নিজেদের অংশ না পেয়ে অন্যান্য শিক্ষকরাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী গৌতম চন্দ্র মৃধা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফর্মেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় গত জুন মাসে তার বিদ্যালয়ের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ আসে। নিয়ম অনুযায়ী সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে টাকা তোলার কথা। কিন্তু সভাপতিকে না জানিয়ে পবিত্র কুমার মন্ডল বরাদ্দকৃত ওই ৫ লাখ টাকার সাথে টিউশন ফির আরো ৫৩ হাজার টাকাসহ ৫ লাখ ৫৩ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নেন। দুই সপ্তাহ আগে ব্যাংক থেকে টাকা তোলার পর শিক্ষক, শিক্ষার্থীদের অংশ বিতরণ না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
এ বিষয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার মন্ডলের ০১৭১৪৯৯৬৮৫৪ নম্বর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
আমাদের প্রতিনিধির সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র মন্ডলকে ফোন দিলে তিনি ওই কর্মকর্তাকে জানান বিষয়টি জটিল তবে শীঘ্রই সমাধান করা হবে।
শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো মাহাবুব উল্লাহ মজুমদার। তিনি জানান, গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে।
উল্লেখ্য, পিবিজিএসআই প্রকল্পের টাকা থেকে একটি অংশ শিক্ষক ও একটি অংশ শিক্ষার্থীরা পাবেন এবং বাকী একটি অংশ দিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial