বাগেরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
বাগেরহাটে নিজের জমির গাছ কাটাকে বাধা দিতে গিয়ে শ্রমিক লীগ নেতা ও পৌর কাউন্সিলর কর্তৃক সাংবাদিক মারধরের ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সাংবাদিককে মারধরের প্রতিবাদ ও অভিযুক্ত পৌর কাউন্সিলরের শাস্তির দাবীতে রবিবার বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জানা গেছে, গত শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আলামিন খান সুমন খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক সুমন বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
উল্লেখ্য, কাউন্সিলর খান আবু বক্কার বাগেরহাট জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
