শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল : মহিউদ্দিন মহারাজ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছাড়াবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। বাংলাদেশকে তিনি উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, উড়াল সেতুর মত মেঘা প্রজেক্ট নির্মান করেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর নির্দেশিত পথে চলছি। সাধারণ মানুষের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সকল সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি। সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করার শতভাগ চেষ্টা করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে এমপি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেব এবং এই আসনকে স্মার্ট আসন গড়ে তুলবো।
এসময় তিনি জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান ও বিগত দিনে ১৪ দলের প্রার্থী হিসেবে এমপি হওয়া আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ্য করে বলেন, আপনি বিগত দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সাথে থেকে পিরোজপুর-২ আসনে এমপি হয়েছেন। তবে এখন আপনার বয়স হয়েছে, আপনি এখন আর এ আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখা বাদ দেন। এ আসনে এখন আর আপনার আগের মতো সেই অবস্থান নেই। আপনি প্রয়োজনে পাশ্ববর্তী ঝালকাঠীর রাজাপুর-কাঠালিয়া আসনে গিয়ে নির্বাচন করলেও করতে পারেন। কেননা ওই আসনে তো আগেও আপনি নির্বাচন করেছিলেন।
ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে মতবিনিময় সবায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহজাহান হাওলাদার প্রমুখ।
