কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন এমপি শেখ তন্ময়
কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খেলেন বাগেরহাট-২ আসনের এমপি, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের জামিয়া-ই-ফারুকীয়া মঈনুচ্ছুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিম খানায় এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান তিনি। এসময় এমপিকে কাছে পেয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ে এতিম শিশুরা। এমপির সাথে খাবার খেয়ে শিশুদের মাঝে উচ্ছ¡াস প্রকাশ করে।
দুপুরের খাবারের পুর্বে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসার মোহতামীম আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন কাশেমীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়।
সভায় তিনি বলেন, বর্তমান সরকার দেশের আলেম ওলামাদের উন্নয়নের জন্য কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করেছে শেখ হাসিনা সরকার। আগামী নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি আলেম ওলামায়েরা শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ভোট দিবেন।
সভায় সম্মানীত মেহমান ছিলেন নায়েবে মোহতামীম খাদেমুল ইসলাম গরহরডাঙ্গা মাদরাসা মুফতী উসামা আমীন।
সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী ফিরোজুল ইসলাম, শেখ তন্ময় এমপির একান্ত সহকারী এইচ. এম. শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিকসহ আলেম ওলামা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
