পিরোজপুরের নাজিরপুর
ঘুষ নেওয়ার নির্দেশনা দেওয়া সেই এসিল্যান্ড ওএসডি
দলিলের নাম জারী (মিউটেশন) করার জন্য ঘুষের টাকা নেওয়ার পরিমান নির্ধারন করে দেওয়ার নির্দেশনা দেওয়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) মো. মাসুদুর রহমানকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে (মাসুদুর রহমান) ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনায় নাজিপুর এসিল্যান্ড মো. মাসুদুর রহমানকে ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাজ চলমান আছে।
উল্লেখ্য, নাজিরপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস থেকে দলিল নাম জারী (মিউটেশন) করাবার জন্য ‘ক’ তফসিলের দলিল প্রতি ৬ হাজার টাকা এবং ‘খ’ তফসিলের নাম জারী করাতে ১৫ হাজার টাকা নির্ধারণ করে ঘুষ নেওয়ার নির্দেশনা দেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) মো. মাসুদুর রহমান। ঘুষ নেওয়া উক্ত টাকার ‘ক’ তফসিলের ৪ হাজার টাকা এবং ‘খ’ তফসিলের জন্য ১০ হাজার টাকা তাকে (এসিল্যান্ড) দেওয়ার জন্য বলা হয়। বাকী টাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিতে বলা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে এক সভায় এ নির্দেশনা দেন এসিল্যান্ড মো. মাসুদুর রহমান। সম্প্রতি ঐ সভায় এসিল্যান্ড ও তহসিলদারদের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়।
