ভান্ডারিয়ায় ২১ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের
পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. রুপোশ খন্দকার (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি।
নিখোঁজ ওই স্কুলছাত্র উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের কৃষক মিলন খন্দকারের ছেলে। সে স্থানীয় খন্দকার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করছে। বর্তমানে স্কুলছাত্রের পরিবারে চরম হতাশা বিরাজ করছে।
সন্তান নিখোঁজের ঘটনায় নিখোজ স্কুলছাত্রের বাবা মিলন খন্দকার গত ২৩ আগষ্ট ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ ওই স্কুলছাত্রের গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পড়নে ছিল ছাপার লুঙ্গী গায়ে ছাই রঙের শার্ট।
রুপোশ এর বাবা মিলন খন্দকার জানান, গত ১৮ আগস্ট শুক্রবার সকালে দুই ছেলে রুপোশ খন্দকার ও রুপান্তরকে বাড়িতে রেখে তাদের প্রসূতি মাকে ভান্ডারিয়া শহরের ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন। তিনি স্ত্রীকে ক্লিনিকে রেখে বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে জরুরী কাজে ফেরেন। বাড়িতে এসে তিনি তার বড় ছেলেকে পাননি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের ৫ দিন পরে থানায় সাধারণ ডায়েরী করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান খান বলেন, রুপোশ বাড়ি থেকে নিখোঁজ এ বিষয়ে আমরা কিছু জানি না। সে ছাত্র হিসাবে ভালো। সে বিদ্যালয়ে নিয়মিত বিদ্যালয়ে আসতো।
রুপোশের সহপাঠি সজিব কাজী জানায়, শুক্রবার বিকেলে রুপোশ আমাদের বাড়ির সামনে খেলতে দেখেছি। আরেক সহপাঠি নিয়াজ মাহামুদ বলে, রুপোশ প্রায় বলতো আমি ঢাকায় গিয়ে গান শিখব।
ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, নিখোঁজ ওই স্কুলছাত্রের বাবা ছেলে নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
