নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে হেলেনা বেগম (৪৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু মধ্য বানিয়ারী গ্রামের হানিফ মোল্লার স্ত্রী।
নিহতের ভাই এর ছেলে মো. ওবায়দুর রহমান জানান, বিকালে সাড়ে ৩টরি দিকে তার ফুফু বাড়ির সামনের মৃত ওবায়দুর রহমানের বাড়ির এক নারীর সাথে কথা বলছিলেন। এ সময় ওই বাড়ির উঠানে থাকা বিদ্যুতের খুঁটির সাথে থাকা আর্থিং লাইন বিচ্ছিন্ন ছিলো। এতে ওই খুঁটি বিদ্যুতায়িত হয়। ওই খুঁটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, ওই নারীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
