নাজিরপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শুক্রবার সকালে মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কোমেলা বেগম (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের ভাই জাহিদুল শেখ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।
নিহত ওই গৃহবধু নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মৃত ছলেমান শেখের কন্যা। তার স্বামী সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ওই এলাকায় জমি কিনে সেখানে বাড়ি করে একা থাকতেন। তাকে হত্যার পর ঘাতকরা তার মুঠোফোনসহ গলায় ও কানে থাকা স্বর্নালংকার নিয়ে গেছে। এর আগেও কোমলা বেগমের দু’টি বিয়ে ছিলো। স্থানীয় প্রতিবেশী মুন্নি বেগম জানান, ওই নারীর সাথে আমার পারিবারিক একটি সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে শুক্রবার সকালে আমাদের বাড়িতে তৈরী করা ভালো খাবার খেতে আমার কন্যা নাঈমা (০৮) ও ছেলে শাদিদ (০৩)কে তাকে ডাকতে পাঠাই। তারা ঘরে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখে আমাকে ডাক দেয়। আমি পার্শ্ববর্তী হাসিনা বেগমকে নিয়ে ওই ঘরে গিয়ে তাকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় খাটের উপর মৃত্যু অবস্থায় দেখি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই গৃহবধুর মরদেহ তার নিজ বসত ঘর থেকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে ধারনা করা হচ্ছে গত এক/দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
