জাতীয় নির্বাচনসহ কোন নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছি না : নির্বাচন কমিশনার আহসান হাবিব খান
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, আমরা শপথ নেওয়ার পরে দেশে ৮শ’র উপরে নির্বাচন পরিচালনা করেছি। প্রতিটা নির্বাচন আমাদের কাছে সমান গুরুত্ব বহন করে। দেশে চলমান নির্বাচনগুলো শেষ হলেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোযোগ দেব। কিভাবে স্বচ্ছ ও সকল দলের অংশ গ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশকে উপহার দিতে পারবো তা নিয়ে কাজ করবো। সে ক্ষেত্রে আমরা সকলের সাথে মতবিনিময় করে যাবো। যাতে করে সকলে মিলে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। জাতীয় নির্বাচনসহ কোন নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছি না।
আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন হচ্ছে। আমি মনে করি নির্বাচন কমিশনের যে যে নির্দেশনা আছে সে নির্দেশনাগুলো জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জানানো উচিৎ। এ জন্যই এখানে আমার আসা। আমাদের কমিশনের আন্তরিকতার কোন অভাব নেই। ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে সুন্দর, অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন উপহার দেব আমরা।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জহেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বরিশাল) মোহাম্মদ আলাউদ্দিন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর।
এর আগে সকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন।
