ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জেপি’র ১০ নেতাকর্মী জেল হাজতে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জলসহ মোট ১০ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেল হাজতে যাওয়া অন্যরা হলেন- ভান্ডারিয়া উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভী, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদুর রহমান সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ, যুব সংহতি নেতা মাসুদ সরদার, মঞ্জু সরদার, লিটন হাওলাদার, জাহিদুর রহমান হাওলাদার, মনির মাতুব্বর।
ভান্ডারিয়া উপজেলার তেলিখারীতে একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের প্রায় ২৫ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ ২টি এবং জাতীয় পার্টি (জেপি) ১টি মামলা দায়ের করেন। উভয় পক্ষ উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ এর শেষ দিনে বৃহস্পতিবার জেপির নেতা-কর্মীরা পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পিরোজপুর কোর্ট পুলিশ পরিদর্শক বনি আমিন জানান, বৃহস্পতিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
