স্বরূপকাঠীতে কিশোরী ধর্ষনের অভিযোগ : থানায় মামলা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ নাজিরপুর উপজেলার গাওখালি গ্রামের মো. বেল্লাল শেখের ছেলে। অভিযুক্ত ধর্ষক আব্দুল্লাহ শেখ নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামে জনৈক আসিফ ইকবাল নামে এক ব্যক্তির গরুর ফার্মে কাজ করতো ।
ধর্ষনের ঘটনায় ঐ কিশোরীর বাবা মো. আজিজ বাদী হয়ে ওই যুবককে আসামী করে নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ধর্ষিতার বাবা মামলার বাদী মো. আজিজ অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১১টার দিকে তার মেয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার ৩০ মিনিটের পরও মেয়ে বাসায় না ফিরলে তারা মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় বাসার পাশে একটা কাচারি ঘরে মেয়ে এবং আব্দুল্লাহকে অশ্লিল অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, আমার মেয়ে অনেকটা সহজ সরল। মেয়ের সরলতার সুযোগে মেয়ে ওয়াশ রুমে যাওয়ারকালে তাকে ফুসলুয়ে ধর্ষন করে। পরে পুলিশ খবর পেয়ে রাতেই আব্দুল্লাহ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
মামলারউপ-পরিদর্শক (এসআই) মো. রমিজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
