পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে কালভার্টের কাজ করতে গিয়ে পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মো. মাফুর শেখ মারুফ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে কদমতলা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে হাজী বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। সে পিরোজপুরের একটি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র এবং পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে।
নিহতের চাচা কবি আল আমীন এবং সাথে থাকা মেঝ ভাই মাহাফুজ শেখ জানান, কদমতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হাজী বাড়ীর সামনে একটি কালভার্টের নির্মাণ কাজে ব্যবহৃত রড সে আনা নেওয়া করছিল। এ সময়ে পাশে থাকা বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখায় সেই বৈদ্যুতিক তারের উপর থেকে রড আনা নেওয়া করায় ওই রড বিদ্যুতায়িত হয়ে সে স্পৃষ্ট হয়। ঘটনার পরে অচেতন অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মারুফ শেখ নামের কিশোর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
