কাউখালীতে প্রধান শিক্ষককে লাঞ্চিত করায় সহকারী শিক্ষিকা বরখাস্ত
পিরোজপুরের কাউখালীর ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিককে পরোক্ষভাবে শারীরিকভাবে লাঞ্চিত করায় সহকারী শিক্ষক নাদিরা কানিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা গেছে, গত ১৬ মে দুপুরে মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কৃষ্ণ পালের কাছে ওই বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ের জন্য প্রথম মূল্যায়ন পরীক্ষার আগের দিন ইংরেজী প্রশ্নপত্র দেখতে চান একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা কানিজ। প্রধান শিক্ষক এতে অস্বীকৃতি জানালে পরদিন ১৭ মে নাদিরা তার দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়েকে অন্যত্র ভর্তি করার জন্য ছাড়পত্র চেয়ে আবেদন করাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে শিক্ষিকার স্বামী মনিরুজ্জামান ওই দিন বিকেলে ভারপ্রাপ্ত প্রুধান শিক্ষক মিলন পালের বাড়ি গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা শিক্ষা অফিসার অভিযোগটি তদন্ত করেন। তদন্তে বলা হয় সহকারী শিক্ষক নাদিরা কানিজের অনুপ্রেরণায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্চিত করা হয়েছে।
সহকারী শিক্ষক নাদিরা কানিজকে অসদাচরণের কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮ এর দশম অধ্যায়ের ১২(১) ধারা অনুযায়ী ২১ মে থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
