কাউখালীতে যুবককে কুপিয়ে হত্যা
পিরোজপুরের কাউখালীতে হাসিব বয়াতী (২৩) নামের এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের বাড়ি কাউখালী উপজেলার দক্ষিন শিয়ালকাঠী গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গেছে, হাসিবের পিতা ইউনুস বয়াতীর সাথে প্রতিবেশী সাবেক মেম্বর মহারাজের সাথে পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলে আসছিলো।
বুধবার সন্ধ্যায় ইউনুস বয়াতীর সাথে মহারাজ মোল্লার কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় হাসিব মহারাজদের বাড়িতে যায়। অনেক সময় গেলে হাসিব বাড়িতে না আসলে স্বজনরা রাত ৮ টার দিকে তার খোঁজে বের হলে মহারাজের বাড়ির কাছে ৩নং ওয়ার্ডের মহসিনের চৌরাস্তার এলাকার নতুন রাস্তার ব্রীজের গোড়ায় তাকে পরে থাকতে দেখে। স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত হাসিবের মা নিরু বেগম জানান, মহারাজ মোল্লার লোকজন সন্ধ্যার পর তার ছেলেকে ডেকে নিয়ে যায়। এবং পরে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হাসিবের পিতা ইউনুস বয়াতীর সাথে সাবেক মেম্বর মহারাজ মোল্লার সম্পর্ক ভালো ছিল না। সন্ধ্যায় ইউনুস বয়াতীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। রাজাপুর থানার এসআই জানান, লাশ রাজাপুর থানায় রয়েছে। ময়না তদন্তের লাশ জন্য বৃহস্পতিবার ঝালকাঠী মর্গে পাঠানো হবে।
