পিরোজপুরে বিএনপি নেতার উপর হামলা : গাড়ি ভাংচুর
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়কের উপর হামলা ও তার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দুপুরে শহরের পোষ্ট অফিস সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির আগে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালায় এবং ৪ জনকে আহত করে ও গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন অভিযোগ করে জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরুর আগমুহুর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে যুবদল ও ছাত্রদলের ৪ জন নেতা গুরুতর আহত হয়। এছাড়া ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সোহেল মঞ্জুর সুমনের উপর হামলা চালিয়ে তার গাড়ি ভাংচুর করে।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল জানান, জাটকা সংরক্ষন সপ্তাহের কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের প্রবেশের সময় পোষ্ট অফিস সড়কে এলে বিএনপির-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রাখে। এ সময় সাধারণ মানুষের চলাচলে সমস্যার কারণে তাদের বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সড়িয়ে দেয়া হয়। গাড়ি ভাংচুরের বিষয়ে তারা কিছুই জানে না।
জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের আত্মকলহে নিজেরাই গাড়ি ভাংচুর করে উল্টো ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর দোষ চাপাচ্ছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কার ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙ্গেছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
