প্রধান সূচি

পিরোজপুরে ব্যবসায়ীর উপর হামলা : প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

পিরোজপুর শহরের এক কাপড় ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে লুটপাটের ঘটনার প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে। রবিবার হামলাকারীদের গ্রেফতারসহ বিচারের দাবীতে জেলার ব্যবসায়ীরা বেলা ১১টা থেকে ১১-১০ মিনিট সকল দোকাটপাট বন্ধ রেখে দোকানের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।
জানা গেছে, শনিবার দুপুরে পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টির মুঈন গার্মেন্টসে কাপড় ক্রয় নিয়ে কথা কাটাকাটির জেরে একদল যুবক এসে হামলা চালিয়ে দোকানের ব্যবসায়ী রেজওয়ান খান সুইটের উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং দোকানের মালামাল লুটপাট করে। এ ঘটনায় তৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে শহরের কাপড় ব্যবসায়ীরা রাস্তায় বিক্ষোভ মিছিল করে। পরে কাপড় ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান। এরই ধারাবাহিকতায় আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবীতে গতকাল রবিবার জেলার ব্যবসায়ীরা বেলা ১১টা থেকে ১১-১০ মিনিট সকল প্রকার বিক্রি বন্ধ রেখে দোকানের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় কিছু যুবক জেলা ছাত্রলীগের নাম করে বিভিন্ন সময় তাদের উপর হামলা চালিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে আসছে। তাই ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তারসহ বিচারের দাবী করেন।
আহত ব্যবসায়ী রেজওয়ান খান সুইট বলেন, শনিবার সকালে আমার দোকানে স্থানীয় কিছু ছেলেরা আসে কেনাকাটা করার জন্য। তাদের সাথে দাম ঠিক না হওয়ায় চলে যায়। পরবর্তীতে তারা লোকজন নিয়ে এসে আমার ওপরে হামলা চালায়। তখন দোকানপাট ভাংচুর করে দোকানে থাকা প্রায় ৮৫ হাজার টাকা লুটপাটসহ আমাকে মারধর করে। তারা দোকানের প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। আমরা থানায় জানিয়েছি, দেখি পুলিশ কি ব্যবস্থা নেয়।
শহরের জুতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরকার বলেন, মাহিম চয়েজ, সু গ্যালারী, সিটি শপিং কমপে¬ক্সসহ বিভিন্ন দোকানে এর আগেও তারা হামলা চালিয়েছে। আমরা ব্যবসায়ীরা একতাবদ্ধভাবে বলা শুরু করলে প্রশাসন, ছাত্রলীগ, ছাত্রদল কোন কিছুই দেখবো না। আমরা প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছি। যদি এরমধ্যে ঘটনার সুষ্ঠু বিচার না হয় তবে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।
পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ও ব্যবসায়ী সমিতির সদস্য সরদার জিয়াউল হাসান টিপু বলেন, বিগত দিনেও এমন করে অনেক ঘটনা ঘটেছে। কিছু সন্ত্রাসীদের কারনে পিরোজপুরের ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না। তারা ব্যবসায়ীদের মারধর করে চাঁদা চায়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ব্যবসায়ীদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial