পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি !
পিরোজপুরের কাউখালীতে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভের খবর পাওয়া গেছে। তবে ওই শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাউখালী উপজেলার ৬নং জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন ফল প্রকাশ হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিপংকর সিকদার জানান, বৃত্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও অসুস্থ হওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এ ফল সঠিক নয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ জন আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩১ জন।
এদিকে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল স্থগিত করেছে মঙ্গলবার বিকেলে। সফটওয়ারে টেকনিক্যাল ক্রটির কারনে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
