কাউখালীতে বালুর জাহাজকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
পিরোজপুরের কাউখালীতে দুইটি বালুর জাহাজের বৈধ কাগজপত্র না থাকায় জাহাজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা।
কাউখালীর নৌ-পুলিশের উপ-পরিদর্শক জামশেদ আলী জানান, সোমবার দুপুরে নৌ-পুলিশ কাউখালীর শহরের লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে বালুবাহী ২টি নৌযানের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় জাহাজের যোগ্যতার সনদ ও রেজিষ্ট্রেশন সার্টিফিকেট না থাকায় তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বৈধ কাগজপত্র না থাকার অপরাধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (আইএসও) ১৯৭৬-এর বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে নৌযানের মালিক আলতাফ হোসেন (৫০) এবং ইউনুস আলীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা।
ভবিষ্যতে অবৈধ ও আইন অমান্য করে কোনো ধরণের নৌযান না চালানোর জন্য মালিক, মাস্টার ও ড্রাইভারদের কঠোরভাবে সতর্ক করে দেয় ভ্রাম্যমান আদালত।
