বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
বরিশালের উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার ভোর ৫টায় উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের মনির বেপারি (৪৮) ও গাজীপুরের সালডোবা এলাকার খোরশেদ আলম (৪৫)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে- এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। ভোর ৫টার সময় একটি প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং মাদক বহনের গাড়িটিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার ২ জনকে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে মামলা করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
