প্রধান সূচি

নাজিরপুরে আওয়ামী লীগের সম্মেলনে গুলি ও সংঘর্ষে আহত ১৫ : মাইক্রোবাস ভাংচুর

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে গুলি, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিবিদ্ধ হয়ে ও হামলায় রশিদ শেখ (৪২) নামের এক যুবলীগ নেতাসহ উভয় গ্রুপের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ রশিদ শেখকে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং অন্য আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,শনিবার সম্মেলনে প্রথম অধিবেশরে পর দ্বিতীয় আধিবেশন কমিটি গঠন শুরু পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গ্রুপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল গ্রুপের মধ্যে হামলার ঘটনা হয়।
শনিবার বিকালে স্থানীয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠে হামলায় এবং প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল গ্রুপের গুলিতে মন্ত্রী শ ম রেজাইল করীম এমপি গ্রুপের উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রশিদ শেখ (৪২) গুলিবিদ্ধসহ জুয়েল শেখ (১৮), মেজবাহ হাওলাদার (৩০), সোহাগ মৃধা (৪০), আখতারুজ্জামান শিকদার (৫৫), সুবোধ মিস্ত্রী (৪২), এনামুল শেখ টুকু (২৬), জাকারিয়া বেপারী (৩০) ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তাপস (৩৫), নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার (৫৫) এবং আউয়াল গ্রুপের শাওন (৩০), নিক্সন (২৩), জাকির হোসেন (২৮)সহ ১৫ জন আহত হয়েছেন। গুলিতে আহত রশিদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কৌশিক সাহা জানান, আহত ৯ জনকে চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত প্রত্যক্ষদর্শী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, সন্ধ্যার কিছু আগে বিকেলে কেন্দ্রীয় নেতারা কমিটি গঠনের জন্য বঙ্গমাতা বগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দোতালার একটি কক্ষে বসে সিদ্ধান্ত নিচ্ছিলেন। এসময় আমরা ওই ভবনের নিচে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। এসময় পিরোজপুর থেকে জেলা অওয়ামী লীগের সভাপতি একেএম আউয়ালসহ অন্যদের সাথে আসা ক্যাডার বাহিনীর এক যুবক তার সাথে থাকা পিস্তল দিয়ে গুলি ছোড়ে। ওই গুলিতে যুবলীগ নেতা রশিদ আহত হন।
গুলিতে আহত রশিদ শেখ বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি একেএম আউয়াল সমর্থিত ক্যাডার বাহিনীর গুলিতে তিনি আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে থাকা কমপক্ষে ১০টি মাইক্রোবাস ভাংচুরসহ প্রতিপক্ষের ব্যানার ফেস্টুন ভাংচুর করা হয়।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. হুমায়ুন কবির জানান, আমি কাউকে গুলি করতে দেখিনি। তবে গুলি করা হয়েছে বলে কয়েকজনে চিৎকার করে দৌঁড় দেয়। পরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে কারা গুলি করেছে তা আমি জানি না। এখন সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে।
এর আগে সকালে উপজেলা সদরের বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব সরকারী মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনিন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হেসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিসুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা অওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial