কিশোর হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রফিকুল ইসলাম (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন। এ সময় আদালতের বিচারক আদেশে আসামীদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে আবুল কালাম কালু (৩৩) ও মো. হারুন (৩৫) ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জহুরুল ইসলাম জানান, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. হালিমের কিশোর ছেলে রফিকুল ইসলাম তার মা সেলিনা বেগমের সাথে ইন্দুরকানী উপজেলায় তার মামা মোদাচ্ছের আলী হাওলাদারের বাড়ীতে বসবাস করতো। ২০০৬ সালের ৮ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে দন্ডপ্রাপ্ত আসামীরা রফিকুলকে বাড়ির কাছে একটি খাল পাড়ে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে এ বিষয়ে ঘটনার দিনই নিহত কিশোরের মামা মাদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইন্দুরকানী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মনোরঞ্জন ২০০৬ সালের ৫ অক্টোবর আদালতের ৫ জন আসামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামী আবুল কালাম কালু ও মো. হারুন দুই ভাইয়ে যাবজ্জীবন কারাদন্ড এবং অপর তিন আসামী জামাল হোসেন, কবির হাওলাদার ও নিপুন শেখকে খালাস প্রদান করে। রায় ঘোষনার সময় আসামী আবুল কালাম কালু আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামী মো. হারুন পলাতক রয়েছে।
