পিরোজপুর ১৫ ঘন্টা ধরে বিদ্যুৎহীন
পিরোজপুর ১৫ ঘন্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায়। বৃহস্পতিবার রাত ৩টা থেকে পিরোজপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইনের বাগেরহাটের দাসখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবোঝাই ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে যাওয়ায় পিরোজপুর জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল।
তিনি জানান, রাত ৩টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়ক হতে মঠবাড়িয়াগামী একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুটিতে আঘাত করে। এতে বিদ্যুৎ লাইনের একটি খুটি ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে পিরোজপুর জেলায় বর্তমানে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে।
জানাগেছে, চাল বোঝাই ট্রাকটির পিছনের অংশের চাকা হঠাৎ করে পাংচার হয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে বাগেরহাট থেকে পিরোজপুরে আসা ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের রাস্তার পাশে থাকা খুটি ভেঙ্গে যায়। পাশাপাশি অন্য আরও ৪/৫টি বিদ্যুৎ লাইনের খুটির সংযোগ তার বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ বিভাগের লোকজন সঞ্চালন লাইন ঠিক করার কাজ করছে। ভেঙ্গে যাওয়া খুটির অদূরে নতুন একটি খুটি বসিয়ে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছে।
ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, বৃহস্পতিবার ভোর থেকেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ লাইনটি মেরামত করার জন্য কাজ করে যাচ্ছে। সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
তবে সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় নি।
উল্লেখ্য, পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের কোন সাব-গ্রিড ষ্টেশন না থাকায় বাগেরহাট সাব-গ্রিড ষ্টেশন থেকে ওভারহেড বিদ্যুৎ লাইনের মাধ্যমে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ওভারহেড লাইনে লাইনে বিভিন্ন সময় সমস্যা দেখা দিলে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া প্রাকৃতিক কোন দুর্যোগ দেখা দিলেও বাগেরহাট তেকে পিরোজপুরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পিরোজপুরে বিদ্যুতের লোডশেডিংও বাগেরহাট বিদ্যুৎ বিভাগের ইচ্ছেমাফিক করা হয়। ফলে পিরোজপুরবাসীকে বিদ্যুতের জন্য বাগেরহাটের উপর মুখোপেক্ষি হয়ে থাকতে হয়।
