ভান্ডারিয়ায় আয়ার শ্লীলতাহানীর চেষ্টা : মাদ্রাসা অধ্যক্ষ আটক
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী সিকদারকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মাদ্রাসার আয়া সায়লা আক্তারকে (২৫) শ্লীলতাহানীর জন্য হাত ধরে টানাটানি করার অভিযোগ উঠেছে।
অভিযোগ পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের এস আই মো. হুমায়উন কবির অধ্যক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার দিকে।
ঘটনার বিষয়ে মাদ্রাসার অফিস সহকারি মো. শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার অভ্যন্তরীণ অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে অধ্যক্ষ আয়াকে মাদ্রাসায় থাকতে বলে অন্যদের ছুটি দিয়ে দেন। এ সময় আমিসহ দুই কর্মচারী ও শিক্ষক মাদ্রাসার গেটেরে সামনের দোকানে ছিলাম। আয়ার ডাকচিৎকার শুনে আমরা দৌঁড়ে এসে অধ্যক্ষসহ তাদেরকে অফিস রুমে আটক করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়া সায়লা আক্তার বলেন, ৯৯৯ এ ফোন দিয়ে আমি পুলিশের সহযোগিতা চাইলে ভান্ডারিয়া থানার এস আই মো. হুমায়উন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও আয়াকে থানায় নিয়ে আসেন। সায়লা বলেন, অধ্যক্ষ এর আগেও আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে।
ভান্ডারিয়া থানার এসআই মো. হুমায়উন কবির জানান, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে থানায় নিয়ে আসা হয়েছে। আয়া সায়লা আক্তার এক কন্যা সন্তানের জননী ও প্রবাসী নজরুলের স্ত্রী।
