প্রধান সূচি

আহত ব্যক্তিকে হাসপাতালে এনে পকেটের টাকা নিয়ে সটকে পড়েছিল অটোরিক্সা চালক ॥ কিন্ত বিধিবাম …

বিভিন্ন সময় রিক্সায় ফেলে রেখে যাওয়া কিংবা রাস্তায় পড়ে থাকা টাকা থানায় জমা দিয়ে অনেকেই এসেছেন আলোচনায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুড়িয়েছেন অনেক প্রশংসা। তবে এবার পিরোজপুরে ঘটেছে ঠিক এর উল্টো ঘটনা। রাস্তায় দূর্ঘটনায় আহত এক শিক্ষককে হাসপাতালে নিয়ে এসে তার পকেট থেকেই ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে এক অটোরিক্সা চালক যুবক। তবে প্রযুক্তির কল্যাণে সে টাকা সে হজম করতে ওই অটোরিক্সা চালক। হাসপাতালের জরুরি বিভাগে থাকা সিসিটিভি ফুটেজে টাকা নেওয়ার দৃশ্য ধরা পড়ায় তা ফেরত দিতে হয়েছে ওই যুবককে। রবিবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গত শুক্রবার সোয়া তিনটার দিকে পিরোজপুর শহরের করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক মিলন কৃষ্ণ মজুমদার নিজের মোটর সাইকেলে করে একটি জমি ক্রয়ের জন্য টাকা বায়না দিতে শহরের আফতাবউদ্দিন কলেজের দিকে যাচ্ছিলেন। পিরোজপুর পৌরসভার সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। সেখান থেকে অন্য একটি বিদ্যালয়ের শিক্ষক গৌতম মালাকার তাকে উদ্ধার করে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় মিলনের চিকিৎসায় হাসপাতালের কর্মচারীদের সার্বিক সহযোগিতা করছিল হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরিহিত সদর উপজেলার শংকরপাশা গ্রামের অটোরিক্সা চালক মিন্টু (৫০)। এমনকি মিলনের পকেট থেকে বের করা মানিব্যাগ ও মোবাইল ফোনও গৌতমের কাছে জমা রাখে সে। এরই এক ফাঁকে গৌতম পাশে থাকা অবস্থায় মিলনের অন্য পকেট থেকে টাকার একটি বান্ডেল বের করে তা নিজের লুঙ্গির মধ্যে লুকিয়ে সেখান থেকে সটকে পরে মিন্টু।
এ ঘটনার পর পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে মিন্টুকে শনাক্তের পর পুলিশ চুরি হওয়া টাকা উদ্ধার করেছে।
চুরি হওয়া টাকা উদ্ধার হয়েছে জানিয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, দূর্ঘটনায় আহত শিক্ষক মিলন গত শনিবার খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার স্ত্রী একজন স্বাস্থ্যকর্মী এবং তাদের তিন মেয়ে পার্শবর্তী দেশ ভারতে বাস করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial