প্রধান সূচি

পিরোজপুরে ক্রিস্টালমেথ আইস ও ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

পিরোজপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মাদক সম্রাট ওমর ফারুক (৪২) ও তার সহযোগী রেজাউলকে (৩৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানার মুলগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা মাদক দ্রব্য ক্রিস্টালমেথ আইস, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফারুক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলাসহ ১২টি এবং রেজাউল একই আইনে ৪টি মামলাসহ ৬টি মামলার আসামী।
গ্রেফতারকৃত ওমর ফারুক মুলগ্রামের আব্দুল লতিফ ও রেজাউল পিরোজপুর শহরতলীর ছোট খলিশাখালী গ্রামের মাসুম বিল্লাহর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক দোলোয়ার হোসেন জসিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের দলটি মূলগ্রামে ওমর ফারুকের বাড়ী ঘেরাও করে। পুলিশের কাছে খবর ছিলো ওমর ফারুক ভয়াবহ মাদক দ্রব্য আইসের একটি বড় চালানসহ নিজ বাড়ীতে অবস্থান করছে। এ সময় পুলিশ তার ঘরে ঢুকে ওমর ফারুক ও রেজাউলকে হাতেনাতে আটক করে। আটক কালে তাদের দেহ তল্লাসী করে ৪.৫ গ্রাম ক্রিস্টাল আইস, ২১ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক তার হেফাজতে থাকা আইসের একটি বড় চালান কৌশলে সরিয়ে ফেলেছে বলে গোয়েন্দা পুলিশের ধারণা।
পুলিশ সূত্র জানায়, ওমর ফারুকের নেতৃত্বে পিরোজপুরে একটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক দুইজন মাদক সরবরাহকারীর নাম প্রকাশ করেছে। এছাড়া তার কয়েকজন সহযোগীর কথাও পুলিশের কাছে স্বীকার করেছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের নির্দেশে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। আটক দুই মাদক কারবারীকে পুলিশ এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার করলেও আদালত থেকে তারা জামিন পেয়ে বেপরোয়াভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial