প্রধান সূচি

অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষকে স্বাবলম্বী করে তুলছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষকে স্বাবলম্বী করে তুলছে। শেখ হাসিনা উন্নয়নের যাদুকর। তিনি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলছেন। তাঁর হাত ধরে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের উন্নয়ন হচ্ছে। তাঁর হাত ধরে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা মনে করেন ভিক্ষুকের কোন মর্যাদা থাকে না। তার সরকার চায় একজন মানুষও বেকার থাকবেন না, গৃহহীন থাকবেন না। অসহায় মানুষের দুঃখ দেখলে শেখ হাসিনার হৃদয়ে রক্তক্ষরণ হয়।

তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রান্তিক মানুষকে স্বাবলম্বি করার জন্য কাজ করে যাচ্ছে। উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূর করছে, গ্রামীণ অর্থনীতি সচল করছে। মাছ ধরা বন্ধকালে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাচ্ছে। করোনাকালে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা মূল্যের দুধ, ডিম, মাছ, মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় হয়েছে। চলতি রমজানে মাসে বাজারে দ্রব্য ম্ল্যূ বৃদ্ধি রোধে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমান বিক্রয় চালু করা হয়েছে। বাজারের চেয়ে কম মূল্যে ৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়াও দুধ, ডিম সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. এস এম জিয়াউল হক রাহাত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী।

এর আগে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে বকনা বাছুর বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial