প্রধান সূচি

আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন কাজ অব্যহত গতিতে চলে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। মানুষ অনেক সচেতন হয়েছে। একত্রে কাজ করতে হবে। বঙ্গবন্ধু’র নেতৃত্বে ও নির্দেশনায় আমরা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছি। স্বাধীনতা আগে এবং পরে রাজনীতি তাই পৃথক হতে হবে। মনে রাখতে হবে স্বাধীনতার পূর্বের রাজনীতি ছিলো ভাঙ্গা-গড়ার। স্বাধীন দেশে এ রাজনীতি অচল।
তিনি বুধবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদের নবনির্মিত সম্পসারিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বিগত ৩৬ বছর এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের ইতিবাচক ধারার সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। এই সময়কালে কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানীসহ দক্ষিণাঞ্চলের মানুষের সার্বিক অবস্থা অনেক পরিবর্তন সাধিত হয়েছে। মানুষ তাদের প্রয়োজনীয় চাহিদার কথা যেমন বলতে শিখেছে, তেমনি নিজেদের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। এ সময় আমরা জনগণের কাছ থেকে কাঙ্খিত মাত্রায় সহযোগিতা লাভ করেছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যেখানে নাগরিকরা বাইরের বা জেলা পর্যায়ের রাজনীতিকে প্রাধান্য না দিয়ে নিজেদের কথা ও কাজে নিয়োজিত ছিলো সে এলাকার উন্নয়ন ততবেশী অর্জিত ও সংহত হয়েছে। এ ক্ষেত্রে নেতৃত্ব প্রত্যাশা অনুযায়ী সকলের সহযোগিতা লাভ করেছে। এই সহযোগিতা প্রশাসনের ক্ষেত্রেও বজায় রাখতে হবে। প্রশাসনকে সহযোগিতা না করলে সে এলাকার উন্নয়ন ব্যহত হয়। মনে রাখতে হবে প্রশাসনকে যেমন সহযোগিতা করতে হয়, পাশাপাশি তাদের প্রতি আন্তরিক, সদাচারণ তথা শুদ্ধাচারি হওয়া গেলে তারাও দায়িত্ব পালনে নিষ্ঠাবান, পেশাধার এবং দেশপ্রেমিক আচারণ করেন। আজ আমরা কাউখালী উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের যে শুভ উদ্বোধন করার সৌভাগ্য লাভ করলাম তা সরকারের একটি বড় অবকাঠামোগত উন্নয়ন সাধিত হলো। এই ভবন এ উপজেলার প্রশাসনিক কাজ উন্নয়ন কর্মকাণ্ড এবং মানুষের কল্যাণকে তরান্বিত করবে।
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, এখনও এ উপজেলায় সড়ক যোগাযোগ ক্ষেত্রে আরও প্রকল্প বাস্তবায়ন বাকি রয়েছে। নেতৃত্ব ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করে কাঙ্খিত রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ দ্রুততর করা সহজ ও নিশ্চিত হবে।
এ অনুষ্ঠানের বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। তারা সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র মত একজন প্রতিভাবান রাজনীতিবিদকে দীর্ঘদিন ধরে তাদের জনপ্রতিনিধি হিসাবে পেয়ে আসছেন। যিনি দীর্ঘ ১৮ বছর বিভিন্ন সময় সরকারের মন্ত্রীসভার সদস্য ছিলেন। যার হাতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।
কাউখালী উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র আহ্বায়ক মো. আবু সাঈদ মিয়া মনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার হাওলাদার, পুলিশের নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ কে এম এ আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, যুগ্ম সম্পাদক সুনীল কুণ্ডু, যুগ্ম সম্পাদক শাহজাদী রেবেকা চৈতী, উপজেলা জেপি’র সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লায়েকউজ্জামান তালুকদার মিন্টু, সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানের আগে আনোয়ার হোসেন মঞ্জু এমপি নবনির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী ফলক উম্মোচন করেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।
উল্লেখ্য, পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় উদ্বোধনকৃত এ ভবন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আট কোটি দুই লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে। এখানে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম রয়েছে।
এর আগে আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলার আমড়াজুড়ি ফেরীঘাটের ভাঙ্গন প্রতিরোধে আপতকালীন জরুরী জিও ব্যাগ স্থাপন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মো. মেহেদী হাসান প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে অবহিত করেন। এ প্রকল্পে প্রস্তাবিত ব্যয় হচ্ছে ৬৩ লাখ টাকা।
এ সময় আনোয়ার হোসেন মঞ্জু’র সফর সঙ্গী ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি নেতা ইউসুফ আলী আকন, যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial