আগুনে পোড়ানো হল জব্দকৃত দুই লাখ টাকার অবৈধ জাল
ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে গত ৩১ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের উদ্যোগে নদ-নদীতে অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের দারুলহুদা লাগোয়া কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং একই রাতে কঁচা ও পোনা নদীর মোহনা চরখালী এলাকার নদী থেকে একটি বড় আকারের বেড় জাল জব্দ করা হয়। এ সময় জেলেরা নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়।
রাতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের নির্দেশে মোবাইল কোর্টের আওতায় জব্দকৃত অবৈধ জাল হাসপাতাল লাগোয়া পোনা নদীর তীরবর্তী স্থানে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
